ক্রিপ্টোকারেন্সি কী?

📚 ক্রিপ্টো শিখুন — পর্ব ১

ক্রপ্টকারেন্সি কী? — একদম শুরু থেকে


যদি আপনি ক্রিপ্টো সম্পর্কে কিছুই না জানেন, তাহলে এই লেখাটা আপনার জন্য। কোনো টেকনিক্যাল শব্দ ছাড়াই, একদম সহজ ভাষায়।

ক্রিপ্টোকারেন্সি কী?

ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল টাকা, যা শুধু কম্পিউটার/মোবাইলে থাকে — হাতে ধরা যায় না, ব্যাংকে জমা রাখা যায় না। এটা কোনো সরকার বা ব্যাংক নিয়ন্ত্রণ করে না, বরং হাজার হাজার কম্পিউটার মিলে একটা নেটওয়ার্ক তৈরি করে এটা পরিচালনা করে। একে বলে "ডিসেন্ট্রালাইজড" (বিকেন্দ্রীকৃত) সিস্টেম।

সবচেয়ে পরিচিত উদাহরণ হলো বিটকয়েন (Bitcoin) — ২০০৯ সালে চালু হওয়া প্রথম ক্রিপ্টোকারেন্সি। এরপর ইথেরিয়াম (Ethereum), বিএনবি (BNB)-সহ হাজার হাজার ক্রিপ্টোকারেন্সি তৈরি হয়েছে।

ব্লকচেইন কী?

ব্লকচেইন হলো ক্রিপ্টোর পেছনের মূল প্রযুক্তি — একটা ডিজিটাল খাতা (লেজার), যেখানে প্রতিটা লেনদেনের হিসাব লেখা থাকে। এই খাতাটা কোনো একটা কম্পিউটারে না রেখে হাজার হাজার কম্পিউটারে একসাথে রাখা হয় — তাই কেউ চাইলেই একা এটা বদলে ফেলতে পারে না। এই কারণেই ক্রিপ্টো লেনদেন জাল করা প্রায় অসম্ভব।

কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যা প্রায়ই শুনবেন

ওয়ালেট (Wallet) — আপনার ক্রিপ্টো রাখার ডিজিটাল ব্যাগ। এটা কোনো ফিজিক্যাল জিনিস না, একটা অ্যাপ বা প্রোগ্রাম।
এক্সচেঞ্জ (Exchange) — যেখানে টাকা দিয়ে ক্রিপ্টো কেনা-বেচা করা যায়, যেমন Binance।
সিড ফ্রেজ (Seed Phrase) — ১২ বা ২৪টা শব্দের একটা গোপন কোড, যেটা দিয়ে আপনার ওয়ালেট রিকভার করা যায়। এটা হারালে বা কাউকে বললে টাকা হারানোর ঝুঁকি থাকে।
এয়ারড্রপ (Airdrop) — নতুন প্রজেক্ট থেকে ফ্রিতে টোকেন বিতরণ করা, সাধারণত প্রাথমিক ব্যবহারকারীদের পুরস্কার হিসেবে।

ক্রিপ্টোতে ঝুঁকি আছে কী?

হ্যাঁ, অবশ্যই। ক্রিপ্টোর দাম খুব দ্রুত ওঠানামা করে — আজ যেটার দাম ১০০ টাকা, কাল সেটা ৫০ টাকাও হতে পারে, আবার ২০০ টাকাও হতে পারে। তাই যেটুকু টাকা হারালে সমস্যা হবে না, শুধু ততটুকু নিয়েই এক্সপেরিমেন্ট করা বুদ্ধিমানের কাজ। এবং সবসময় নিজে গবেষণা করে সিদ্ধান্ত নিন — কারো কথায় বিশ্বাস করে বিনিয়োগ করবেন না।

পরবর্তী ধাপ

এখন যেহেতু বেসিক ধারণা হয়ে গেছে, পরের লেসনে শিখব কীভাবে নিজের প্রথম ক্রিপ্টো ওয়ালেট বানাবেন। সব লেসন দেখুন →

💬 মন্তব্য করুন